নির্বাসিত কৃষ্ণচূড়া

লেখক: সাদিয়া তিন্তি · বিভাগ: রহস্য · মোট ৪৭ পর্ব

গল্পের ধরন: অনেক গুলো জুটি‌, রহস্য, অতীত-বর্তমান, কাজিন লাভ, বিশ্ববিদ্যালয়ের প্রেম, বন্ধুত্ব, দুটো জেনারেশন, দুটো ধর্ম, প্রথম প্রেমের গল্প, পারিবারিক টানাপোড়েন, দুই বাংলার মিশেল অনুভুতি, ১৯৭১ এর যুদ্ধ সহ ২০২৫ সালের বর্তমান।

শহড় জুড়ে বৃষ্টির ঘনঘটা, বৈশাখের প্রথম বৃষ্টি। এই বৃষ্টিতে বাতাসে যে শুদ্ধ মাটির গন্ধ ভেসে বেড়ায় তা যেন প্রকৃতির দেয়া এক অমূল্য সুবাস। যতোদূর চোখ যায় কি অবিরাম ধারায় বইছে শুদ্ধ শীতল জলধারা। আকাশ যেন এক অদৃশ্য সঙ্গীর সঙ্গে অবিরাম খেলায় মত্ত, বৃষ্টির ধারায় সে লিখে চলেছে এক অপূর্ব কবিতা।

হিয়া মৃদু হাসে। জানালায় ঝাপটানো বৃষ্টির ফোঁটাগুলো বারংবার এসে ছুঁয়ে যাচ্ছে তার শুভ্র মুখ। সে তার ঠোঁটে এক নিঃশব্দ প্রাপ্তির হাসি নিয়ে ফিসফিস করে বলে ওঠে,

“তুমি এলে বৃষ্টি হয়ে,

শেষ গোধূলির আগে।

তোমার নামে আবেগ জমুক,

তপ্ত মেঘের কোলে।

গল্প জমুক আঙ্গুল জুড়ে,

এক মায়াবী চোখে,

তোমার গন্ধ লেপ্টে আছে

অবাধ্য এই ঠোঁটে।”